ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি। বৃহস্পতিবার রাতে তেহরানসহ আশপাশের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলোর বরাতে বার্তাসংস্থা রয়টার্স ও সিএনএন জানিয়েছে, তেহরানে আইআরজিসির সদর দপ্তরে চালানো হামলার সময় জেনারেল সালামি সেখানে উপস্থিত ছিলেন। পরে শুক্রবার সকালে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া।
২০১৯ সাল থেকে আইআরজিসির নেতৃত্বে থাকা জেনারেল হোসেইন সালামি ইরানের সামরিক, কৌশলগত এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবানে ইরানের প্রভাব বিস্তারে তিনি অগ্রণী ছিলেন।
ইসরায়েলের এই হামলার ঘটনায় ইরানজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশটির সেনাবাহিনী ও আইআরজিসি প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তেহরানে হামলার পর এলাকাজুড়ে আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়; এটি ইরানের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাবের অন্যতম কেন্দ্রবিন্দু। দেশটির ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় বাহিনীটি ভেতর ও বাইরের হুমকি মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে থাকে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।























