পাকিস্তানের সঙ্গে চলমান কাশ্মীর উত্তেজনার মধ্যেই রাশিয়া থেকে স্বল্পপাল্লার ইগলা-এস ক্ষেপণাস্ত্র কিনলো ভারত। জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই অস্ত্র সংগ্রহ আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। রোববার ক্ষেপণাস্ত্রের চালান ভারতে পৌঁছেছে।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানানো হয়েছে, এ চালান বাবদ রাশিয়াকে ৩০ কোটিরও বেশি মার্কিন ডলার পরিশোধ করেছে ভারত। চালানে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ইগলা-এস, যা ইগলা-সুপার নামেও পরিচিত, রাশিয়ার তৈরি ইগলা সিরিজের আধুনিক সংস্করণ। এটি হালকা, দ্রুতগতিসম্পন্ন এবং সহজে ব্যবহারের উপযোগী হওয়ায় যুদ্ধক্ষেত্রে বেশ কার্যকরী বলে বিবেচিত। সর্বোচ্চ প্রায় ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
ভারতীয় সেনাবাহিনী ১৯৯০-এর দশক থেকেই ইগলা সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। নতুন করে ইগলা-এস সংগ্রহ ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।


























