নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় কেন্দুয়াতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. নাঈম হাসান প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম-কানুন ও এর গুরুত্ব সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ৪০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে উপজেলার ৩১২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩১৩টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে ৩৯ জন মাঠকর্মী, প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক এবং ৩১৩ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রসমূহ তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শাহাদাত হোসেন শুভ্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো. আলী আহসান অলি, বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দুয়া প্রতিনিধি 























