ইসরায়েলি কর্তৃপক্ষ গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত জাহাজটি সোমবার (৯ জুন) স্থানীয় সময় ভোরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। খবর রয়টার্স ও আনাদোলুর।
ইতালি থেকে ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে যাত্রা করেছিল অলাভজনক আন্তর্জাতিক সংস্থার এই জাহাজ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, যাত্রীদের নিরাপদে উপকূলে আনা হয়েছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
পরবর্তীতে ইসরায়েলি কর্তৃপক্ষ এক ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, জাহাজে থাকা স্বেচ্ছাসেবীদের মধ্যে ইসরায়েলি সেনারা পানি ও স্যান্ডউইচ বিতরণ করছে। প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন।
‘ম্যাডলিন’ এক সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে রওনা দেয়। এতে থাকা ১২ জন মানবাধিকারকর্মীর মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি-ফিলিস্তিনি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভা ভিয়া।























