যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া এবং পূর্ব ও প্যাসিফিক অঞ্চলের দুই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি—নিকোল এন চুলিক ও এন্ড্রু হেরাপ—তিন দিনের সফরে আজ (১৬ এপ্রিল, বুধবার) ঢাকায় আসছেন। এটি ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ পর্যায়ের প্রথম প্রতিনিধি দলের সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিকোল চুলিক প্রথমে ঢাকায় পৌঁছাবেন এবং এরপর আলাদা ফ্লাইটে আসবেন এন্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
সফরের প্রথম দিনে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। এরপর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
দ্বিতীয় দিনে তারা অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটেটিভের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চাওয়া হয়েছে, যদিও তা এখনো চূড়ান্ত নয়। সফরের শেষ দিনে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
মার্কিন প্রতিনিধিদলের আসন্ন ঢাকা সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার সম্ভাব্য বিষয়:
বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গ
অন্তর্বর্তী সরকারের সংস্কার অগ্রগতি
জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাশা
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার সম্ভাব্য বিষয়:
মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট
অবৈধ অভিবাসী ফেরত পাঠানো
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন
চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা
এছাড়া, কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমাতে পারে এবং এ বিষয়ে বার্তা দেবে। মিয়ানমারের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করছে।


























