বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘তারেক রহমান আজকের প্রজন্মের কাছে আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়ার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এবং দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে।’
তিনি মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডি.এস. মাদরাসা মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মিছিলপূর্ব বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির। এতে বক্তব্য রাখেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে অনুষ্ঠিত সমাবেশ শেষে বের হওয়া মিছিল পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। রঙিন পতাকা হাতে নারী-পুরুষ, গারো জাতিগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি, বাদ্যযন্ত্রের বাজনা, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ফায়ার স্মোকের ধোঁয়া মিছিলটিকে বর্ণাঢ্য রূপ দেয়। পথে পথে নারী-শিশুসহ সাধারণ মানুষ হাত নেড়ে ও তালি দিয়ে মিছিলকারীদের অভিবাদন জানায়।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে হত্যা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র বহুবার হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থার জোরে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দুচোখ ভরা স্বপ্ন, বুকভরা আশা— জনগণের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। এটি বিএনপির ইমানি দায়িত্ব, আর এই দায়িত্ব পালনে দল কোনোদিন পিছু হটবে না। তিনি আরও জানান, বিএনপিতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধীদের ঠাঁই হবে না। যারা দেশ ও জনগণকে কিছু দেওয়ার জন্য রাজনীতি করবে, কেবল তারাই দলে স্থান পাবে।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সময়ের পরীক্ষায় বিএনপি উত্তীর্ণ হয়েছে। বহু ঘাত-প্রতিঘাত, দমন-নিপীড়ন, জেল-জুলুমের মধ্য দিয়েও বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। দলের নেতাকর্মীরা নিজেদের ভাগ্য নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করছে। এজন্যই জনগণ বিএনপিকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে।
তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। যতদিন নেতাকর্মীদের নিঃশ্বাস আছে, ততদিন দেশ ও জনগণের প্রতি বিএনপির অবিচল আস্থা ও বিশ্বাস অটুট থাকবে।
আঞ্চলিক প্রতিনিধি 






















