“মজবুত ভিত্তি, মজবুত জাতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নির্মাণশ্রমিকদের নিয়ে ‘নির্মাণ নায়কদের মিলনমেলা’ আয়োজন করেছে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
১৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় নান্দাইলের দারুচিনি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড জেনারেল ম্যানেজার গোলাম কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বৃহত্তর ময়মনসিংহ বিভাগের এজিএম মীর মাজাহার হোসেন শিমুল ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার রাকিব হাসান।
অনুষ্ঠানে ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের গুণগত মান যাচাই এবং নির্মাণকাজে সঠিক ব্যবহারের ওপর কারিগরি আলোচনা করেন কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের ম্যানেজার গোলাম কিবরিয়া। এ সময় জোনাল ইনচার্জ নাজিম উদ্দীন, নান্দাইল উপজেলার পরিবেশক মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু তাহের এবং অর্ধশতাধিক নির্মাণশ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্মাণশ্রমিকদের জন্য একটি ফ্রি প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এ ছাড়া শ্রমিকরা সিমেন্ট দুটির গুণগত মান ও নির্ভরযোগ্যতা নিয়ে নিজেদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি গোলাম কাওছার তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত নির্মাণসামগ্রী ও নির্মাণশ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ টেকসই অবকাঠামো নির্মাণে মূল ভূমিকা রাখে। অংশীদার ও শ্রমিকদের সাথে আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সবশেষে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 


















