নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাদের কাছ থেকে আদায় করা রাজস্বের নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং কয়েকজন কর্মীকে একটি ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।
অভিযান চলাকালে একটি আবাসিক মিটারে দীর্ঘদিনের বকেয়া বিল এবং মিটারের সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, হামলায় কয়েকজন কর্মী আহত হন। এ সময় মাঠপর্যায়ে আদায় করা রাজস্বের নগদ ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ কর্মীদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ও বিদ্যুৎ আইনের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নারী আসামি নুরুন্নাহার (৪২) ও আইরিন বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সরকারি কাজে বাধা প্রদান, হামলা, অবরুদ্ধ করে রাখা এবং অর্থ ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 





















