ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ (বৃহস্পতিবার) ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছে গোটা এলাকা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, তবে পরে সেটি শহরের মেঘানীনগরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে।
এ দুর্ঘটনায় প্লেনের ২৪২ আরোহীর মধ্যে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
বিধ্বস্ত হওয়া বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে সরাসরি আঘাত হানে। যেখানে তৎকালীন সময় খাবার খাচ্ছিলেন অনেক এমবিবিএস শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ভবনের ওপর ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ছাত্রাবাসে, সৃষ্টি হয় বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির।
দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আহমেদাবাদ বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহু যাত্রী ও ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, “আহমেদাবাদের ইতিহাসে আজ একটি কালো দিন। আমরা বহু তরুণের প্রাণহানিতে শোকাহত।”
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। বিমান বিধ্বস্তের জায়গা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।























