কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারতের মন্তব্যের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়।
বুধবার (১ মে) বেলুচিস্তানের কোয়েটা শহরে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন প্রাদেশিক পরিষদের পিপিপি মনোনীত সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি দৈনিক ডন।
বিক্ষোভে নারী-পুরুষদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ভারতবিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।
বক্তব্যে সঞ্জয় কুমার বলেন, “পাকিস্তানের হিন্দুরা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পাশে রয়েছে। ভারত যদি আগ্রাসন চালাতে চায়, তবে এক কোটির বেশি হিন্দু নাগরিক সেনাবাহিনীর সঙ্গে থাকবে।” তিনি আরও দাবি করেন, পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না এবং ভারতের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধের ঘোষণারও কড়া সমালোচনা করেন। তারা এটিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং একে “নরম আগ্রাসনের” উদাহরণ হিসেবে অভিহিত করেন।

























