ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন এলাকাবাসী।
আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী একত্রিত হয়েছিল। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।”
আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালুকা প্রতিনিধি 






















