“স্মার্ট কৃষক, সমৃদ্ধ বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় কৃষকদের ডিজিটাল সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড কার্যক্রমের নিবন্ধন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। উদ্বোধনের অংশ হিসেবে ছদ্দু মিয়া নামে এক কৃষকের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের কৃষক কার্ডের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষিসেবা সহজ ও দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি সকল কৃষককে দ্রুত নিবন্ধন সম্পন্ন করে কৃষক কার্ড সংগ্রহের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কৃষি খাতে ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকদের সরকারি সেবা গ্রহণ আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, চানগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আঞ্জু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকের খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ হৃদয়সহ স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কৃষি খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 



















