ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদকে জড়িয়ে দেশের একটি জাতীয় ˆদনিকে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার (১১ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে গৌরীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জুলাই ২০২৬ তারিখে ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার অনলাইন সংস্করণে “গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা গত ১০ জুলাই রাতে তাদের দৃষ্টিগোচর হয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রকাশিত সংবাদে বিশেষ সংবাদদাতা কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মনগড়া, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। সাংবাদিকতার নূন্যতম নিয়ম নীতি না মেনে, অভিযুক্ত বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য না নিয়েই বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এই অনৈতিক সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র এই নেতা আরও জানান, যেকোনো ধরনের হত্যা, নাশকতা বা অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সোচ্চার। দল কখনো কোনো অপরাধের দায় নেবে না। তিনি উল্লেখ করেন, শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার সেলিনা ইতোমধ্যে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন, যেখানে হাবিবুল ইসলাম শহীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা নাম নেই। এমনকি নিহতের স্ত্রী, মা ও ভাই বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার সাথে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের জড়িত না থাকার বিষয়টিও রয়েছে।
সংবাদ সম্মেলনে, মানিক হত্যাকাণ্ডের মূল ঘটনা আড়াল করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিকদের সজাগ থাকার এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খোকন, হারুন-অর-রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ গৌরীপুর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌরীপুর প্রতিনিধি 






















