ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৪ টায় উপজেলার দুল্লা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাইসা রঘুনাথপুর গ্রামের রাজুল মিয়ার মেয়ে। সে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার নিয়ত আলীর ছেলে মো. নাজমুল অবৈধভাবে বিদ্যুতের মূল লাইন থেকে হুক লাগিয়ে সংযোগ নিয়ে একটি পুকুরে মাছ চাষ করে আসছিল। ঘটনার সময়ও তিনি চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে একটি পুকুর থেকে অন্য পুকুরে পানি সেচের কাজ করছিলেন।
ঘটনার সময় রাইসা বাড়ির পাশের পুকুরপাড়ে খেজুর কুড়াতে যায়। পুকুরপাড়ের একটি খেজুর গাছের নিচে থাকা অবস্থায় অসাবধানতাবশত অবৈধভাবে টানা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাইসার। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাইসাকে মৃত অবস্থায় দেখতে পারেন।
স্থানীয় কৃষক লাল মিয়া বলেন, গ্রামে দীর্ঘদিন ধরে চোরাই বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হচ্ছে| প্রশাসন আগে ব্যবস্থা নিলে হয়তো আজ এই শিশুটিকে প্রাণ দিতে হতো না| স্থানীয়রা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের চাচা মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, একটি ছোট্ট শিশুর প্রাণ চলে গেল অবহেলা আর অবৈধ কাজের কারণে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।
অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার মো. জোনাব আলীর নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আমরা ঘটনাস্থলে যাই। তবে, স্থানীয়রা মরদেহ আনতে দেয়নি। নিহত শিশুর স্বজনরা থানায় এসেছে। ওসি সাহেবের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ রিপোর্টার 





















