সৌদি আরবে ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেওয়া হবে—এমন খবর সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে দেশটির সরকার স্পষ্টভাবে জানিয়েছে, মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কোনো পরিকল্পনা নেই। সোমবার (২৬ মে) ‘দ্য আরব নিউজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে একটি ওয়াইনবিষয়ক ব্লগে সৌদি আরবে মদের লাইসেন্স দেওয়া হবে বলে উল্লেখ করলে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম তা যাচাই না করেই প্রচার করে। এসব প্রতিবেদনে দাবি করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে সৌদি সরকার। তবে এসব সংবাদের সঙ্গে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
সরকারি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানায়, মদ বিক্রির অনুমতির বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সঙ্গে দেশটির বর্তমান আইন ও নীতিমালার সঙ্গেও এমন কোনো পদক্ষেপ সঙ্গতিপূর্ণ নয় বলেও তিনি জানান।
সৌদি আরব এর আগে সংস্কারমূলক কিছু পদক্ষেপ নিয়েছে—যেমন নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল চালু করা, এবং বিনোদন খাতে বিনিয়োগ বৃদ্ধি। এগুলো দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রয়াসের অংশ। তবে মদজাতীয় পানীয় এখনো কড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
তবে গত বছর রিয়াদে প্রথম একটি অ্যালকোহল স্টোর চালু করা হয়, যা শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের ব্যবহারের জন্য বরাদ্দ। এর আগে দেশটিতে শুধুমাত্র কূটনৈতিক চ্যানেল বা কালোবাজারেই অ্যালকোহল পাওয়া যেত।
পর্যটন খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সৌদি আরব উচ্চাকাঙ্ক্ষী ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে কাজ করছে। তবে এই কর্মসূচি দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রেখেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরির দিকে মনোযোগী বলে জানায় দেশটি।


























