সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে দীর্ঘ চার বছর মানবেতর জীবন কাটানো নাজমুল হককে কৃত্রিম পা উপহার দিয়েছেন ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। নতুন পা পেয়ে আবারও হাঁটতে পারায় আনন্দে আত্মহারা নাজমুল।
জানা গেছে, ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের তেঁতুলিয়া পাড়ার কৃষক আব্দুস সাত্তারের ছেলে নাজমুল হক ২০২২ সালের নভেম্বরে মাওনায় কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুই পা কেটে ফেলতে হয়। এরপর দীর্ঘ চার বছর তিনি পঙ্গুত্ব নিয়ে বাড়িতেই মানবেতর জীবনযাপন করেন।
সম্প্রতি কাঁঠাল ইউনিয়ন সফরকালে নাজমুলের বিষয়টি জানতে পারেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। পরে তিনি নাজমুলের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেন। গত সপ্তাহে তাকে ঢাকায় নিয়ে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা পাওয়ার পর নাজমুল আবারও হাঁটার চেষ্টা করছেন। তিনি বলেন, “যিনি আমাকে নতুন করে হাঁটার স্বপ্ন দেখিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতার ভাষা আমার নেই। এখন একটি ছোট দোকানের ব্যবস্থা করতে পারলে পরিবারের পাশে দাঁড়াতে পারব।”
স্থানীয়রা জানান, দরিদ্র কৃষক পরিবারের সন্তান নাজমুলের জীবনে কৃত্রিম পা সংযোজন নতুন আশার সঞ্চার করেছে। এতে তিনি স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন।
এ বিষয়ে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভবিষ্যতে তার কর্মসংস্থানের ব্যবস্থার জন্যও চেষ্টা অব্যাহত থাকবে।”

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 























