ভারতের আসাম রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, আটক ব্যক্তিদের পরিবার সদস্যরা দাবি করেছেন, তারা সবাই ভারতীয় নাগরিক এবং বৈধভাবে বসবাস করছেন। বর্তমানে আটককৃতদের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের পরিচয় সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই চলছে।
আসাম পুলিশের এক কর্মকর্তা জানান, রাজ্য সরকার অবৈধ ও নথিবিহীন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে রাজ্যজুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। গত শনিবার ও রোববারের অভিযানে এই ৫০ জনকে আটক করা হয়।


























