যুক্তরাষ্ট্র ইয়েমেনে চালানো বোমা হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্চ মাসের মাঝামাঝি থেকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানা ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনী।
ট্রাম্প জানান, হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের পক্ষে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছিল। এর প্রতিক্রিয়ায় হুথি নিয়ন্ত্রিত অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হয়। তবে হুথিরা এখন মার্কিন জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বলেই জানিয়েছে ওয়াশিংটন, যার জেরেই এই হামলা বন্ধের সিদ্ধান্ত।
মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে ট্রাম্প বলেন, “হুথিরা জানিয়েছে তারা আর সংঘাতে জড়াতে চায় না। তাদের এই অবস্থানকে সম্মান জানিয়ে আমরা বোমাবর্ষণ বন্ধ করব। তারা আত্মসমর্পণ করেছে।”
তিনি আরও বলেন, “হুথিরা প্রতিশ্রুতি দিয়েছে, তারা সমুদ্রে আর জাহাজ ধ্বংস করবে না। এই প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা হামলা চালাচ্ছিলাম। আমি মনে করি, এটি একটি ইতিবাচক অগ্রগতি।”
তবে হুথিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
এদিকে ওমান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে হামলা বন্ধসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে দুই পক্ষ একমত হয়েছে।


























