ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন।
নিহতের নাম নুসরাত জাহান তন্নী (১৫)। এতে আহত হয়েছেন আরও দুইজন—মরিয়ম আক্তার (৪০) ও রাকিব হাসান (২২)।
নিহতের পরিবার জানায়, তন্নী সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাইভেট শেষে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুদিপ্ত প্রিয়ন্তি’ নামের একটি যাত্রীবাহী বাস হারুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তন্নীর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।



















