ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন ১৪৩ জন। স্থানীয় চিকিৎসা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আল-তাওবাহ ক্লিনিকের ওপরতলায় চালানো হামলায় বহু রোগী হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলমান অভিযানে এ পর্যন্ত ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৯১৯ জন।
এদিকে, গাজার সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া অফিস জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।






















