পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলার পর প্রতিক্রিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে মোদি বলেন, “ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা”, অর্থাৎ ওদিকে গুলি চালালে এদিক থেকে গোলা ছোড়া হবে।
ভারতের সরকারি সূত্র জানায়, এ বক্তব্য ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। পাকিস্তানের পাল্টা হামলার পর এই বার্তা দেওয়া হয়, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি এলেও, ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের বেশ কিছু স্থাপনায় আঘাত হানে। যুদ্ধবিমান থেকে চালানো অস্ত্র ব্যবহারে এই আক্রমণ সংঘটিত হয়। ভারতীয় সূত্রের দাবি, সীমান্তে হামলার জবাব দিতেই এই পদক্ষেপ।
সরকারি সূত্র আরও জানায়, ‘অপারেশন সিন্দুর’ এখনো চলমান এবং ভারতের নতুন কৌশল ভবিষ্যতের সন্ত্রাসবাদের মোকাবিলায় উদাহরণ হয়ে থাকবে।
কাশ্মির প্রসঙ্গে ভারতীয় অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে—এই বিষয়ে কোনো মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। আলোচনার একমাত্র বিষয় হতে পারে পাকিস্তানের দখলে থাকা কাশ্মির অঞ্চল ফেরত দেওয়া।


























