কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই। শনিবার (৭ জুন) বিকেলে একটি পার্কে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ এক বন্দুকধারী তার ওপর গুলি চালায়। ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, উরিবের মাথায় পরপর দুটি গুলি লাগে এবং আরও একটি গুলি লাগে তার হাঁটুতে। গুরুতর আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে সান্তে ফে ক্লিনিকে নেওয়া হয় এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
চিকিৎসাকেন্দ্রের বাইরে শত শত সমর্থক একত্রিত হয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনায় বসেছেন। উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রার্থনা করুন, চিকিৎসকদের হাতে যেন সঠিক দিকনির্দেশনা আসে।’
এদিকে হামলার একটি মোবাইল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বক্তৃতাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে মঞ্চে পড়ে যান উরিবে। জনতার মধ্যে সৃষ্টি হয় চরম আতঙ্ক।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে উরিবের দল ‘সেন্ট্রো ডেমোক্রাটিকো’। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এটি কেবল একজন নেতার ওপর নয়, বরং কলম্বিয়ার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’
বামপন্থি বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসনও এক বিবৃতিতে বলেছে, ‘এই সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি এক হিংস্র চ্যালেঞ্জ।’
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘উরিবের ওপর হামলা গণতন্ত্রের ওপর সরাসরি হুমকি।’

















