লস অ্যাঞ্জেলেসে রাজ্য প্রশাসনের অনুমতি ছাড়াই সেনা মোতায়েন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন।
সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনতা বলেন, “এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয়, বিভ্রান্তিকর এবং আইনবিরোধী।”
লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই ট্রাম্প দুই ধাপে প্রায় ৪ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন।
তবে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসাম প্রথম থেকেই এ মোতায়েনের বিরোধিতা করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প সেনা প্রত্যাহার করলে মামলা তুলে নেওয়া হবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গভর্নর নিউসাম নিজের সম্মান রক্ষার জন্য মামলার পথ বেছে নিয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত।
এদিকে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে।
























