দক্ষিণ কোরিয়ার সিউলের হংড এলাকায় এক বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৯ বছর বয়সী ওই যুবক ক্লাবে নাচার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং পরে মারা যান।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে হংডের একটি সড়কে রাত ২টা ২০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্যারামেডিক আসার আগ পর্যন্ত পথচারীরা প্রায় ১০ মিনিট সিপিআর প্রয়োগ করেন। তার মুখে অক্সিজেন মাস্কও ছিল হাসপাতালে নেওয়ার সময়।
প্রবাসী ওই যুবক দুই বছর আগে কাজের ভিসায় দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন এবং একটি কারখানায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার শরীরে মাদক বা অ্যালকোহলের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং হত্যার প্রমাণও মেলেনি।
ময়নাতদন্ত শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে সিউলে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।






















