খালি পেটে কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়—এ নিয়ে সচেতনতা জরুরি। চিকিৎসকরা বলছেন, অনেক খাবার সকালে খালি পেটে খেলে তা শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
প্রথমেই সাইট্রিক অ্যাসিডসমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু বা আনারস খালি পেটে খেলে পেটে অতিরিক্ত এসিড তৈরি হয়। এতে অ্যাসিডিটি ও জ্বালা হতে পারে। একইভাবে খালি পেটে ফলের জুস বা শরবত খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং ইনসুলিনে চাপ পড়ে।
মিষ্টিজাতীয় খাবার যেমন রসমালাই, সন্দেশ, কেক বা প্যানকেক খালি পেটে খেলে হজমের গণ্ডগোল হয়। এতে দ্রুত ইনসুলিন নিঃসরণ বাড়ে, যা দীর্ঘদিনে ওজন বৃদ্ধির পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে।
ফাস্ট ফুড বা ভাজাপোড়া জাতীয় খাবারও খালি পেটে এড়িয়ে চলা উচিত। এগুলো পেটে গ্যাস তৈরি করে অস্বস্তি বাড়ায়। একইভাবে টমেটোতে থাকা ট্যানিন ও এসিড খালি পেটে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়।
এছাড়া খালি পেটে দই খেলে অনেকের ল্যাকটোজ অসহিষ্ণুতার কারণে অস্বস্তি দেখা দেয়। কোল্ড ড্রিঙ্কস, চা-কফি বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারও সকালের খালি পেটে শরীরের ক্ষতি করে।
বিশেষজ্ঞরা মনে করেন, দিনের শুরুতে শরীরের জন্য সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার যেমন ওটস, বাদাম, ডিম বা সেদ্ধ শাকসবজি সবচেয়ে উপকারী। এগুলো শুধু শক্তি জোগায় না, বরং দীর্ঘমেয়াদে শরীরকে রোগ থেকে সুরক্ষা দেয়।
স্টাফ রিপোর্টার 


























