ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন পাকা সড়ক এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে আব্দুল মান্নান প্রতিবেশী মৃত নাছির উদ্দিনের ছেলে মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করতে থামলে আব্দুল মান্নান একাই সামনে এগিয়ে যান। তিনি লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তা থেকে পাশের কচুক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
আব্দুল মান্নানের চিৎকার শুনে মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা ছুটে এসে আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গৌরীপুর প্রতিনিধি 
























