জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তার মা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শহরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জিলা বেগম জিরা নিজের বাড়ির তিনটি গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন। সকালে ফরিদ মন্ডল ও তার সহযোগীরা গাছ কাটতে গেলে মঞ্জিলা বেগমের বড় ছেলে মঞ্জু এতে বাধা দেয় এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মঞ্জু ছুরি দিয়ে ফরিদ মন্ডলকে আঘাত করে গুরুতর জখম করে।
মাকে বাধা দিতে গেলে মঞ্জু তাকেও ছুরিকাঘাত করে, ঘটনাস্থলেই মঞ্জিলা বেগমের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত ফরিদ মন্ডলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জামালপুর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন জানিয়েছেন, গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতককে ধরতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























