জেলায় চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত পরিকল্পনায় থাকা চার লাখ ২৯ হাজার ৮৮২ শিশুর মধ্যে চার লাখ ২৪ হাজার ৬৬১ জনকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ।
নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য দুই ধাপে টিকাদান কার্যক্রম শুরু হয় ১২ অক্টোবর। প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুলভিত্তিক টিকাদান পরিচালিত হয়। জেলার এক হাজার ৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট দুই লাখ ৯৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থীকে লক্ষ্য ধরা হলেও টিকা নিতে আসে দুই লাখ ৮৬ হাজার ২৪৮ জন।
দ্বিতীয় ধাপে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হয় ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ সময় জেলার এক হাজার ৭৫২টি টিকাদান কেন্দ্রে এক লাখ ৩০ হাজার ৫৪১ শিশু টিকা পাওয়ার কথা থাকলেও টিকা গ্রহণ করে এক লাখ ৩৮ হাজার ৪১৩ শিশু। দুই ধাপ মিলিয়ে মোট চার লাখ ২৪ হাজার ৬৬১ শিশু টিকাদানের আওতায় এসেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, নির্ধারিত সব শিশুকে টিকার আওতায় আনার জন্য বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছিল। শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীকে যুক্ত করে একাধিক ওরিয়েন্টেশন আয়োজন, প্রচারণা, মাইকিং এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















