ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জে ৯০ লিটার বাংলা মদসহ বাবুল চন্দ্র ঘোষ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে শ্যামগঞ্জ পুরানবাজার তদন্তকেন্দ্রের সামনে থেকে একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান নিয়মিত মহাসড়কে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি গাড়িতে করে বাংলা মদের চালান নেওয়া হচ্ছে। পরে শ্যামগঞ্জ পুরানবাজার তদন্তকেন্দ্রের সামনে গাড়িটিতে অভিযান চালিয়ে ৯০ লিটার বাংলা মদসহ বাবুল চন্দ্র ঘোষকে আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায়।
শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সেন্টু মিয়া বলেন, টিএসআই আসাদুজ্জামান মদসহ একজনকে আটক করে বিষয়টি তদন্তকেন্দ্রের পুলিশকে অবহিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, শ্যামগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে বাংলা মদ সংগ্রহ করে তিনি ময়মনসিংহে বিক্রি করতেন।
আটক বাবুল চন্দ্র ঘোষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিবেদক 



















