সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অল্প সময়ের মধ্যে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।
মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আমিরাতের সরকারি বা মূলধারার কোনো সংবাদমাধ্যমও তা নিশ্চিত করেনি।
প্রতিবেদন অনুযায়ী, নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর গুদামে আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।
এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতেও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হতে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 





















