শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
শিশুটির পরিবার জানায়, রাত ৮টার দিকে রবিউল বাড়িতে লিচু খাচ্ছিলো। হঠাৎ সে একটি বিচি গিলে ফেলে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে শ্বাসবন্ধ হয়ে ছটফট শুরু করে। আর নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর বলেন, শ্বাসনালিতে লিচুর বিচি আটকে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। তবে এটি একটি আকস্মিক মৃত্যু।




















