জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এই নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি রাজনৈতিক দলের নেতা অন্যায়ভাবে জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি জাতির শ্রদ্ধা অর্জন করেছেন। তার বিরুদ্ধে মামলা করা অন্যায় এবং অগ্রহণযোগ্য।”
তিনি আরও যোগ করেন, “যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনবাজি রেখে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের এই প্রবণতা গণতন্ত্রের জন্য হুমকি। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই মামলা দায়ের হওয়ায় জামায়াতসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে শিগগিরই কেন্দ্রীয় পর্যায়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেতে পারে। নাসিরুদ্দিন পাটওয়ারী দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন।
স্টাফ রিপোর্টার 






















