পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশে সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ১৬ জন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সন্ত্রাসীকে হত্যা করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার এই অভিযানগুলো চালানো হয়। পাঞ্জাবের মিয়াঁওয়ালির মাকরওয়াল এলাকায় পুলিশ ও কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) যৌথ অভিযানে কমপক্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। পুলিশের তথ্যমতে, অভিযানে কয়েকজন সন্ত্রাসী আহতও হয়েছে।
মিয়াঁওয়ালির পুলিশ সুপার আখতার ফারুক এবং সারগোধা রেঞ্জের আরপিও শাহজাদ আসিফ খানের নেতৃত্বে এই অভিযানে ২০ থেকে ৩০ জন জঙ্গির উপস্থিতির তথ্যের ভিত্তিতে টানা দুই দিন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত না হলেও, একজন স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচ জন জঙ্গি নিহত হয়। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানে চালানো পৃথক অভিযানে নিহত হয় কুখ্যাত জঙ্গি নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। তিনি একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে – এমন সন্দেহে সেখানে অতিরিক্ত অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, টিটিপি ২০০৭ সাল থেকে পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং এটি একটি নিষিদ্ধ ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন।

























