তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভোটের দাগ আঙ্গুল থেকে উঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে- বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, প্রতিশ্রুতি যা করে তা বাস্তবায়ন করে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নে সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে বাদেকলমোহনা পর্যন্ত (৫.৮ কিমি) খনন প্রকল্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী এমপি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। তার মধ্যে ফ্যামিলী কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে, কৃষক কার্ড শুরু হবে অচিরেই এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং এর পাইলট প্রকল্প চলমান।
এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সিংড়ার খালের খনন প্রকল্পের নাম ফলক উন্মোচন করেন। এ সময় খাল পাড়ে বৃক্ষরোপনের পাশাপাশি খালে ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর কোদাল হাতে মাটি কেটে এবচং মাটির টুকরি মাথায় নিয়ে এ খাল খনন প্রকল্পের শুভ সূচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে খাল খননে অংশ নেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
্অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক বাবলু, জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, পিআইও সাখাওয়াত হোসেন প্রমূখ।
স্টাফ রিপোর্টার 



















