ভারত বাংলাদেশের রেল সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপি অর্থায়ন ও নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে।
এর ফলে তিনটি চলমান প্রকল্প ও পাঁচটি সম্ভাব্য স্থানে জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। এ কারণে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে সংযুক্ত করার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিরতা’কে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে।
এখন নয়াদিল্লি বাংলাদেশে রেলনেটওয়ার্কে বিনিয়োগের পরিবর্তে উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নয়নে অর্থ খরচ করছে। সেই সঙ্গে বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটান হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ গড়ার বিষয়েও চিন্তা করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নেপাল ও ভুটান দিয়ে ৩,৫০০-৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
দ্য হিন্দু আরও জানায়, স্থগিত প্রকল্পগুলো ভারতের ‘স্থলবেষ্টিত’ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে ভারতের চিকেন নেক করিডরের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য ছিল। এই করিডরটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের একমাত্র পথ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশে কোনো নির্মাণ সামগ্রী বা শ্রমিক পাঠানো হচ্ছে না। প্রকল্পের অর্থায়ন স্থগিত রয়েছে এবং তা আবার শুরু করতে হলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে ভারতের অংশে প্রকল্পের কাজ চলছে।


























