নেত্রকোণার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা ও অসুস্থ শিল্পী এবং ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক সেকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার বাংলা লোকসাহিত্য ও বাউল সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন, কর্ম ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সরকার সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে অসুস্থ বাউল শিল্পী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আবুল বাশার তালুকদারকে ২০ হাজার টাকা এবং শিল্পী দিলবাহার খানকে ১০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের ক্ষতিগ্রস্তদের মাঝেও অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় ড. রফিকুল ইসলাম হিলালী সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের সমাধি উন্নয়নের জন্য ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেন্দুয়া প্রতিনিধি 























