পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার কাচি জেলার মাচ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, ভারত-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটায়। হামলায় নিহতদের নাম পরিচয় প্রকাশ করেছে সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছে সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, ‘‘বেলুচিস্তানে শান্তি ও উন্নয়নের পথ রুখতে ভারত ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। সাহসী সৈন্যদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।’’
উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার দাবিতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।


























