‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, দেশকে জনগণের জন্য কল্যাণমুখী করে গড়ে তোলার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলিমিশে জনগণের তথা এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আর এটাই হবে আমাদের আজকের এই দিনের অঙ্গীকার। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম।
সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।
আলোচনাসভা শেষে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সভাস্থল থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ কার্য্যালয় চত্বরে এসে শেষ হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 



















