ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর চরম উত্তেজনার মধ্যেই ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ‘আব্দালি উইপন সিস্টেম’ নামের এ ক্ষেপণাস্ত্রটি ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শনিবার (৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই এবং এর আধুনিক নেভিগেশন প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা মূল্যায়ন করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতি আস্থা বহাল রয়েছে, যা দেশটির প্রতিরোধ সক্ষমতাকে আরও শক্তিশালী করে।
এ ঘটনার পরপরই উত্তেজনা আরও বাড়ছে। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে আন্তর্জাতিক সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পেহেলগামের হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
























