ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু-কাশ্মির এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিয়ন্ত্রণ রেখা (LoC) ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় এ হামলা চালানো হয় বলে এনডিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয় এবং এলাকায় ব্ল্যাকআউট করা হয়। স্থানীয় বাসিন্দারা মোবাইলে ধারণ করা হামলার ভিডিও এনডিটিভিকে পাঠিয়েছেন, যাতে দেখা যায় আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব দৃশ্য তৈরি করে।
কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল সেবা সীমিত করে দেওয়া হয়েছে। স্থানীয়রা আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে রয়েছেন। সীমান্তবর্তী অনেক অঞ্চল এখনো ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে বলে জানানো হয়।
একইসঙ্গে, পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। এসব এলাকাও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তঘেঁষা। এনডিটিভি জানিয়েছে, সাম্বা, আখনুর, রাজৌরি ও রিসি সীমান্ত অঞ্চলে এখনো তীব্র গোলাবর্ষণ চলছে।
স্থানীয়রা মনে করছেন, পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর একদিন পর এই পাল্টা হামলা চালানো হয়েছে।














