ভারতের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন ও বিক্ষোভে প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ধরপাকড়ের ঘটনার পর অনেক শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন, কেউ আবার নিজেদের নতুন কাজের প্রকাশও স্থগিত রেখেছেন।
অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে বলেন, ‘ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না। মতপ্রকাশের অধিকার কোনো সরকারের দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার।’
সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমাদের দেশের তরুণরা অমর। ঈশ্বর তাদের শক্তি দিন।’ তার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এদিকে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ, কৌতুকশিল্পী কুনাল কামরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর দিল্লির যন্তর মন্তরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
অভিনেত্রী হুমা কুরেশি বলেন, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন দমন-পীড়ন মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্র রচয়িতা সুতপা সিকদার লেখেন, জবাবদিহির দাবি নিয়ে আসা অনেক শিক্ষার্থী ‘পকেটে মাত্র ২০ টাকা আর বুকভরা আশা’ নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের কণ্ঠ দমন না করে শোনা উচিত বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানানো বলিউড তারকাদের মধ্যে আরও রয়েছেন দিয়া মির্জা, বীর দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান ও স্বানন্দ কিরকিরে।
শিল্পীদের এই অবস্থানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি বলিউডের গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখছেন।

বিনোদন ডেস্ক 
























