বিমান দুর্ঘটনা রেশ না কাটতেই ভারতের উত্তরাখণ্ডে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ সাতজন প্রাণ হারিয়েছেন।
রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ থেকে গুপ্তকাশি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আর্য এভিয়েশনের হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মধ্যেই গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক, একজন শিশু এবং একজন পাইলট। নিহত যাত্রীরা ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের বাসিন্দা ছিলেন।























