নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদীর হোসেন শামীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 




















