নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজিব বাড়ির পাশের গণেশ হাওরে দোয়ারি থেকে মাছ তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিহত রাজিবের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “বজ্রপাতে রাজিব নামের যুবকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।”

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 



















