ময়মনসিংহের ছয় উপজেলায় একের পর এক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলার পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, যাত্রীবাহী বাস ও চলন্ত ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাড়ির জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
অন্যদিকে ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
একই উপজেলায় বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক কর্মী দ্রুত বেরিয়ে আসায় প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তাঁর পুরো বাস পুড়ে গেছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ি কেনা ও মেরামত বাবদ তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে গৌরীপুরে চলন্ত জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।
রেলওয়ে সূত্র জানায়, জারিয়া থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। দুই মিনিট যাত্রাবিরতির পর রাত ১১টা ৫৫ মিনিটে বিসকা স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত সোয়া ১২টার দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পর ট্রেনটির একটি বগিতে আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর আসন দুটি পুড়ে যায়।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতা বলে ধারণা করা হচ্ছে।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
একই দিন তারাকান্দা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নির্বাচনী বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলার বিভিন্ন স্থানে অল্প সময়ের ব্যবধানে একাধিক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
স্টাফ রিপোর্টার 




















