আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে আজ শনিবার (৭ জুন) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে এবছর দেশটিতে পশু কোরবানি করা হচ্ছে না। রাজা ষষ্ঠ মোহাম্মদ এক রাজকীয় আদেশে কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
বিগত কয়েক বছর ধরে মরক্কো তীব্র খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ায় সেখানে গৃহপালিত পশুর সংকট দেখা দিয়েছে। কৃষক ও খামারিরা বর্তমানে যে অল্পসংখ্যক পশু হাতে রেখেছেন, সেগুলো সংরক্ষণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি মরক্কোয় নতুন কোনো ঘটনা নয়। অতীতেও এমন নিষেধাজ্ঞা দেখা গেছে। সাবেক রাজা দ্বিতীয় হাসান—বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা—একাধিকবার কোরবানি বন্ধের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ, খরা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর অর্থনৈতিক শর্তের প্রেক্ষাপটে।
বর্তমান রাজার তরফ থেকে জানানো হয়েছে, তিনি পুরো দেশের পক্ষ থেকে প্রতীকী কোরবানি প্রদান করবেন। তবে সাধারণ জনগণ এই নির্দেশনা কতটা মেনে চলবে, তা নিয়ে সংশয় রয়েছে।
দেশজুড়ে কোরবানি বন্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে। পশুর হাটগুলোতে রেইড দিচ্ছে নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে কোরবানির জন্য কেনা পশু জব্দ করছে।
এই কঠোর ব্যবস্থার মধ্যেই মরক্কোবাসী পালন করতে যাচ্ছে এবারের ভিন্নরকম ঈদুল আজহা।
















