রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
সোমবার এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রেসিডেন্ট পুতিন ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
ফোনালাপে দুই নেতা ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রধানমন্ত্রী মোদি পুতিনকে রাশিয়ার ৮০তম বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান, যা পুতিন আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
ক্রেমলিন থেকেও এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট শিগগিরই নয়াদিল্লি সফরে আসছেন।


























