জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট সংগঠন। জনগণের সমর্থন থাকলে তাদের পালিয়ে যেতে হতো না বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করতে হতো না। তিনি শুক্রবার (৩১ অক্টোবর) ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এই মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় ছাত্রশিবির, বিএনপি বা ছাত্রদলের কেউ গুম-খুন হলে তা বৈধতা পেয়েছে। অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তারা তখন মানবতার কথা বলেননি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সেই লক্ষ্যেই এনসিপি আলোচনা ও সমন্বয় কার্যক্রম চালাচ্ছে এবং একসাথে নির্বাচন করার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থে নিয়োজিত। এছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয়। হাসনাতের মতে, ভোটার তালিকায় দেড় কোটি মৃত ভোটারের নাম রয়েছে এবং অতীতে কবর থেকে উঠে ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। তাই ফ্রি ও ফেয়ার নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে।
এনসিপির নেতা বলেন, ভোট চাইবে তারা যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং অপরাধে জড়িত নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদবিরোধী শক্তি একসাথে কাজ করবে। তিনি আরও বলেন, নির্বাচন প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা রাখে, তাহলে তা সুষ্ঠু ও সফল হবে এবং গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব হবে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জেলার চার উপজেলার এনসিপি নেতারা সভায় অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার 






















