ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৩২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নূরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজাউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, দীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এ জেলা ইউনিটটি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগী ও পরীক্ষিত নেতা এই সংগঠনে কাজ করেছেন।
তিনি বলেন, নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। ব্যক্তিস্বার্থ ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে সমন্বয়ের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হবে। দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত এবং খালেদা জিয়ার আদর্শিক দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্টাফ রিপোর্টার 























