আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। পৃথক ম্যাচে হন্ডুরাস ও মিসরকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামতে প্রস্তুত তারা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পেশির ক্লান্তির কারণে পুরো ম্যাচে বেঞ্চে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবুও দারুণ ফুটবল উপহার দেয় লিওনেল স্কালোনির দল।
ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে লাউতারোর ব্যাকহিল পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্লিভটনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারায়েস গোল করে ব্রাজিলকে এগিয়ে নিলেও দ্রুত সমতা ফেরায় মিসর। বিরতির পর বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত শটে দলের জয় নিশ্চিত করেন তিনি।
বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল দুই ম্যাচে দুই জয় ও আট গোল করে দারুণ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
স্পোর্টস ডেস্ক 
























